দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। দেশটির নতুন আবিষ্কৃত তেল সম্পদ পরিচালনার জন্য তার দলকে একটি ভোটের মাধ্যমে ম্যান্ডেটও দেয়া হয়েছে।
জর্জটাউন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভেনিজুয়েলার সাথে আঞ্চলিক বিরোধের মধ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচনী কর্তৃপক্ষ তাকে বিজয়ী ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ইরফানের পিপলস প্রোগ্রেসিভ পার্টি/সিভিক (পিপিপি/সি) সোমবারের সাধারণ নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।
৪৫ বছর বয়সী মধ্য-বামপন্থী নেতা ইরফান আলী এখন গায়ানার বিশাল তেল সম্পদের সুবিধা আট লাখ ৫০ হাজার মানুষের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জের সম্মুখীন। এদের অর্ধেকেরও বেশি এখনো দেশের ক্রমবর্ধমান জিডিপি সত্ত্বেও দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।
আলীর প্রধান প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ধনকুবের আজরুদ্দিন মোহাম্মদ। আজরুদ্দিনকে ‘গায়ানিজ ট্রাম্প’ নামেও ডাকা হয়। তার নবগঠিত দল ‘উই ইনভেস্ট ইন ন্যাশনহুড’ (ডব্লিউআইএন) ২৪.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিরোধী দল ‘এ পার্টনারশিপ ফর ন্যাশনাল ইউনিটি’ (এপিএনইউ) ১৭.৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। দলটি দেশের আফ্রো-গায়ানিজ জনসংখ্যার বেশিভাগের প্রতিনিধিত্ব করে।
তবে ইরফান আলীর দলটি ইন্দো-গায়ানিজ সম্প্রদায়ের কাছ থেকে বেশিরভাগ সমর্থন পেয়েছে। তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে দ্বিতীয় বারের মতো পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি তেল সমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করেন এবং মে মাসে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে সেই অঞ্চলের জন্য কর্তৃপক্ষ নিয়োগ করেন।
সূত্র : বাসস



