চীনা উদ্বেগের মধ্যেই পানামা খালে মার্কিন সামরিক মহড়া

পানামায় মার্কিন সামরিক উপস্থিতি একটি সংবেদনশীল ইস্যু। কারণ ১৯৯৯ সালের আগে দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি ছিল।

নয়া দিগন্ত অনলাইন
পানামা খালে মার্কিন সামরিক মহড়া
পানামা খালে মার্কিন সামরিক মহড়া |সংগৃহীত

পানামা খালের নিরাপত্তা নিশ্চিত করতে পানামা পুলিশের সাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা চীনের প্রভাব নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মহড়ার অংশ হিসেবে রোববার তিনটি মার্কিন সেনা হেলিকপ্টার দুটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক এবং একটি সিএইচ-৪৭ চিনুক পানামা-প্যাসিফিক বিমানবন্দরে অবতরণ করে।

পানামার ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের উপকমিশনার মাইকেল পালাসিওস জানান, মহড়াটি দেশটির নিরাপত্তা বাহিনী ও পার্শ্ববর্তী অঞ্চলকে যেকোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত করবে।

যুক্তরাষ্ট্র গত মাসেও অনুরূপ মহড়া চালায়। এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় হচ্ছে, যাতে মার্কিন সেনারা ঘাঁটি স্থাপন না করেও প্রশিক্ষণ চালাতে পারে। তবে চুক্তিটি পানামায় বিক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ফের মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, চীনের প্রভাব খালে অতিমাত্রায় এবং এটি মার্কিন বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো জানিয়েছেন, খালের টোল বা ফি নির্ধারণের বিষয়টি পানামা খাল কর্তৃপক্ষের এখতিয়ার। এতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

পানামায় মার্কিন সামরিক উপস্থিতি একটি সংবেদনশীল ইস্যু। কারণ ১৯৯৯ সালের আগে দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি ছিল।

এসইএনএএন জানিয়েছে, মহড়াটি শুক্রবার পর্যন্ত চলবে এবং এটি পানামার জাতীয় সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে পরিচালিত হবে। পালাসিওস আরও জানান, এ ধরনের মহড়া গত ২৩ বছর ধরেই চালু রয়েছে।