ইরানের পর কিউবায় হামলা ‘সময়ের ব্যাপার’ মাত্র : ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমরা আগে এটিকে (ইরান যুদ্ধ) শেষ করতে চাই। তারপর এটা সময়ের ব্যাপার মাত্র; অনেক অসাধারণ মানুষ কিউবায় ফিরতে পারবেন।’

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার দিকে নজর দেবে। বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যারিবীয় দ্বীপদেশটি ইতোমধ্যে মার্কিন জ্বালানি অবরোধের মুখে রয়েছে।

হোয়াইট হাউসে এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা আগে এটিকে (ইরান যুদ্ধ) শেষ করতে চাই। তারপর এটা সময়ের ব্যাপার মাত্র; অনেক অসাধারণ মানুষ কিউবায় ফিরতে পারবেন।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র উদ্দেশে করে ট্রাম্প বলেন, ‘আপনি কিউবা নিয়ে অসাধারণ কাজ করছেন।’

উল্লেখ্য, রুবিও মায়ামিতে জন্ম নেয়া কিউবান অভিবাসী পরিবারের সন্তান।

কমিউনিস্টশাসিত কিউবার ওপর ইতোমধ্যেই জ্বালানি অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। দেশটির প্রধান তেল সরবরাহকারী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দ্বীপটির জ্বালানি মজুদ দ্রুত কমে আসছে।

গত ৯ জানুয়ারি থেকে কিউবা কোনো তেল আমদানি করতে পারছে না। এতে অনেক এয়ারলাইন্স দ্বীপ রাষ্ট্রটিতে তাদের ফ্লাইট কমাতে বাধ্য হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে।

অনেক নাগরিকের আশঙ্কা, ট্রাম্পের সম্ভাব্য বিদেশী সামরিক হস্তক্ষেপের তালিকায় পরবর্তী লক্ষ্য হতে পারে তাদের দেশ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এই শঙ্কা আরো বেড়েছে।

ট্রাম্প ও রুবিও দুজনই প্রকাশ্যে হাভানার শাসন পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্র : এএফপি/বাসস