যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুকধারীর গুলিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুকধারীর হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা এ. স্মিথ বলেছেন, কর্তৃপক্ষ গুলি চালানোর ঘটনায় এলিয়াস রদ্রিগেজ নামে এক সন্দেহভাজনকে আটক করেছে। ৩০ বছর বয়সী রদ্রিগেজ ইলিনয়ের রাজ্যের শিকাগো শহরের বাসিন্দা।

স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গুলি চালানোর আগে সন্দেহভাজন ব্যক্তিকে জাদুঘরের বাইরে ঘুরতে দেখা গেছে। সে চারজনের একটি দলের কাছে গিয়ে একটি হ্যান্ডগান বের করে গুলি চালায়। এর মধ্যে ওই দুইজন গুলিবিদ্ধ হন।’

তিনি আরো বলেন, রদ্রিগেজ পুলিশের হেফাজতে থাকাকালীন ’ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন, নিহতদের একজন নারী ও অপরজন পুরুষ। তারা বিয়ের পরিকল্পনা করছিলেন।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়াম বলেছেন, ফেডারেল কর্তৃপক্ষ হামলার পরিস্থিতি তদন্ত করছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা অপরাধীকে বিচারের আওতায় আনব।’