মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে মানবাকৃতির বা হিউম্যানোয়েড রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী শিক্ষক চালুর এক উদ্যোগ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বুধবার (২৬ জুলাই) এ কথা জানিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আদিবাসী সেনেকা জনগোষ্ঠীর সংরক্ষিত এলাকা 'আলেগেনি'তে অবস্থিত সালামানকা হাই স্কুলে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর জন্য এই রোবট বসানো হচ্ছে। তবে স্কুল শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে 'একেবারেই অনুপযুক্ত' এবং 'সাংস্কৃতিক বোধহীনতা' বলে তীব্র সমালোচনা করেছেন।
টরন্টোভিত্তিক প্রতিষ্ঠান 'রিয়েলবোটিক্স' তৈরি এই 'স্যালি' নামের এম-সিরিজের রোবটটি কিনতে কাটারগাস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের খরচ হয়েছে ৫৭,৫৯০ ডলার। রিয়েলবোটিক্সের দাবি অনুযায়ী, তারাই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো স্কুল ডিস্ট্রিক্ট যেখানে এমন রোবট ও এআই সহকারী শিক্ষক বসানো হচ্ছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাথে সরাসরি বার্তালাপ এবং মুখের অভিব্যক্তি প্রকাশ করে পাঠে সাহায্য করবে।
তবে বিতর্কের মূল জায়গা অন্যখানে। রিয়েলবোটিক্স প্রতিষ্ঠানটি আগে ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় যুক্ত ছিল এবং ২০০৪ সালের এপ্রিলে ১ কোটি ৬৭ লাখ ডলারে সেক্স ডল বা যৌন পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'সিমুলেক্রা' কিনে নেয়। যদিও রিয়েলবোটিক্স দাবি করেছে, এই রোবট প্রকল্পের সাথে তাদের আগের ওই ব্যবসার কোনো সম্পর্ক নেই, তবে শিক্ষকদের মধ্যে গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে। সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লেসি পিহলব্ল্যাড জানিয়েছেন, শিক্ষক ইউনিয়ন এই কোম্পানির অতীত ইতিহাস, ডেটা নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে শঙ্কিত। তিনি ক্লাসরুমে প্রযুক্তি কমানোর তাগিদ দিয়ে প্রকল্পটিতে আপাতত স্থগিতাদেশ চেয়েছেন।
অন্যদিকে নিউ ইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্সের সভাপতি মেলিন্ডা পার্সনও একে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যন্ত্রের বদলে মানুষের আন্তরিক স্পর্শ প্রয়োজন। শিশুদের সামনে এমন যন্ত্র বসানো হলে তা শিক্ষকতা পেশাকেই খাটো করে।
স্কুলটিতে প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী আদিবাসী বা নেটিভ আমেরিকান। স্থানীয় বাসিন্দা এবং বিকল্প শিক্ষক সিয়েরা মে আব্রামস ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমেরিকার সব স্কুল ছেড়ে বারবার আমাদের আদিবাসী শিশুদের ওপরই কেন এসব পরীক্ষা চালানো হয়?' স্থানীয়দের মতে, এই উদ্যোগ আদিবাসীদের অতীতের তিক্ত ইতিহাস ও বোর্ডিং স্কুলের ট্রমার কথাই মনে করিয়ে দেয়।
নিউ ইয়র্ক স্টেট শিক্ষা দপ্তরও বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। তাদের মুখপাত্র জেপি ও'হারে জানিয়েছেন, শিক্ষার্থীদের গোপনীয়তা এবং মূল শিক্ষার দায়িত্বে প্রশিক্ষিত মানব শিক্ষকের বিকল্প হিসেবে যন্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এরপরও রিয়েলবোটিক্স জানিয়েছে, শরৎকাল থেকে সীমিত পরিসরে এটি চালু হবে এবং এটি শিক্ষকদের হটিয়ে দেওয়ার জন্য নয়, বরং প্রযুক্তি শিক্ষার পরিপূরক হিসেবে কাজ করবে।



