চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরো ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের ওপর ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপ করা হবে।
সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেছেন।
চীন দুর্লভ খনিজ পদার্থ ও তাদের সরবরাহের ওপর নিয়ন্ত্রণ নিয়ে অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে এপ্রিল মাসে চীন তাদের রফতানি নিষেধাজ্ঞার তালিকায় বেশ কয়েকটি দুর্লভ খনিজ পদার্থ ও ম্যাগনেট যুক্ত করেছে।
বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যা স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে ব্যবহার করা হয়।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
জুলাই মাসে চীনের দুর্লভ খনিজ পদার্থের রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনা কাস্টমসের তথ্যে দেখা গেছে, জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি চার হাজার ৭০০ টনের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান শুল্ক অচলাবস্থার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এসেছে। চলতি মাসের শুরুতে অচলাবস্থায় কিছুটা শিথিলতা দেখা দিয়েছিল।
সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরো ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। যাতে উভয়পক্ষের মধ্যে আলোচনার আরো সুযোগ তৈরি হয়। আদেশটি স্বাক্ষরিত না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত। গত মে মাসে দুই দেশ ৩০ শতাংশ মার্কিন শুল্কের বিষয়ে একমত হয়েছিল, এবং শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
সূত্র : আল জাজিরা



