মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাম্প এ ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ড্যান ড্রিসকল পদত্যাগ করেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি, সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের বর্তমান সহকারী সচিব অ্যাডাম টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি একজন দেশপ্রেমিক এবং সবার কাছে সম্মানিত।’
২০২৫ সালের আগস্টে মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর অ্যাডাম টেল সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘ সময় মার্কিন কংগ্রেসে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।
এদিকে, ড্যান ড্রিসকলের পদত্যাগের পেছনে পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সাথে মতবিরোধের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে তার মতবিরোধ ছিল বলে জানা গেছে।
ড্রিসকল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাবেক আইন স্কুলের সহপাঠী। প্রশাসনের ভেতরে ভ্যান্সের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের সময়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের সর্বশেষ ঘটনা হলো ড্রিসকলের এই পদত্যাগ।
সূত্র : বাসস



