ভারতীয় আমদানিতে দ্বিগুণ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনো বাণিজ্য আলোচনা হবে না।
শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এএনআই জানতে চায়, নতুন শুল্কের পরও ভারতের সাথে তিনি আলোচনার আশা করছেন কি-না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না।’
এর আগে, বুধবার এক নির্বাহী আদেশে হোয়াইট হাউস জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর ফলে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
আদেশে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে উল্লেখ করে বলা হয়, সরাসরি বা পরোক্ষভাবে এসব আমদানি যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক ও ভয়াবহ হুমকি এবং তা জরুরি অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের পক্ষেই যুক্তি দেয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, প্রথম দফার ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। অতিরিক্ত আরো ২৫ শতাংশ শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং মার্কিন বন্দরে প্রবেশকারী সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে। তবে যেসব পণ্য এরই মধ্যে রফতানির পথে রয়েছে বা কিছু নির্দিষ্ট শ্রেণির মধ্যে পড়ে, সেগুলো এ শুল্ক থেকে ছাড় পাবে।



