ট্রাম্পের ৪ বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টের

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যয়ে আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদিত চার বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালত বলেছে, মার্কিন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতা রক্ষা করা ‘সাহায্যের প্রাপকদের সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’।

তবে তিনজন উদারপন্থী বিচারপতি এ রায়ে দ্বিমত পোষণ করেছেন। বিচারপতি এলেনা কাগান বলেছেন, মামলাটির ঝুঁকি খুবই গুরুতর। এখানে প্রশ্ন হলো, জনসাধারণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্বাহী বিভাগ ও কংগ্রেসের ক্ষমতার বিভাজন।

তিনি সমালোচনা করে বলেন, অল্প তথ্য ও কোনো মৌখিক যুক্তি এবং বিচারকদের মধ্যে বিস্তারিত আলোচনার সুযোগ ছাড়াই শুক্রবারের এই জরুরি আদেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘এটি ক্ষমতার বিভাজনের নীতির পরিপন্থী। তাই আমি শ্রদ্ধার সাথে দ্বিমত জানাচ্ছি।’

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যয়ে আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন খাত সঙ্কুচিত করার দায়িত্ব দিয়েছিলেন।

তার প্রধান লক্ষ্য ছিল ইউএসএইড। এটি বিশ্বের প্রায় ১২০টি দেশে স্বাস্থ্য ও জরুরি সহায়তাসহ যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বিতরণের প্রধান সংস্থা।

সূত্র : বাসস