নিজ নাগরিকদের অবিলম্বে ইসরাইল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

‘দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি
মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি |নিউ ইয়র্ক টাইমস

ইরানের সাথে উত্তেজনার মধ্যেই ইসরাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের মধ্যে যারা ইসরাইল ত্যাগ করতে চান, তাদের ‘আজই’ দেশটির ত্যাগ করার নির্দেশ দিয়েছেন জেরুজালেমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে মার্কিন মিশনের কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে রাষ্ট্রদূত মাইক হাকাবি লিখেছে, ‘দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।’

হাকাবি আরো লিখেছেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে যারা যেতে চান তাদের জন্য দেরি না করে দ্রুত চলে যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।’

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

এর আগে, ইরানে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের রাজধানীতে থাকা তাদের দূতাবাস দূরবর্তী অবস্থানে থেকে কার্যক্রম চালিয়ে যাবে।

যুদ্ধের শঙ্কা থাকায় চীন, ভারত এবং কানাডাসহ আরো বেশ কয়েকটি দেশও তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। সূত্র : নিউ ইয়র্ক টাইমস