টেক্সাসে আকস্মিক বন্যা, মৃত বেড়ে ৮২

কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আকস্মিক বন্যায় শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৭ জুলাই) সিএনএন এই খবর নিশ্চিত করে। সংবাদমাধ্যমটি জানায়, এর মধ্যে অন্তত ২৮ জন শিশু রয়েছে।

বিবিসি জানিয়েছে, একইসাথে এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।

সূত্র জানায়, বর্তমান বন্যাকবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতার মতো নিখোঁজদের উদ্ধারকাজ চলছে। কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। সেদিনই টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এ নিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।

বন্যার তাণ্ডবে সবচেয়ে খারাপ পরিস্থিতি পাহাড়ি অঞ্চল কেরভিলের। সেখানে সবচেয়ে বেশি ৬৮ জন প্রাণ হারিয়েছে। যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু।