নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

দুর্ঘটনায় পড়া বাসটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে ‘নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে’তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস
দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউইয়র্কের একটি মহাসড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিউইয়র্ক স্টেট পুলিশ এই তথ্য জানিয়েছে।

বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) পূর্বে পেমব্রোক শহরের কাছে স্থানীয় সময় শুক্রবার দুপুরের পর দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসায় সহায়ক হেলিকপ্টার পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে ‘নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে’তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার শিকার অধিকাংশ যাত্রী ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকল জানান, স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার শিকার পর্যটকদের উদ্ধার ও সহায়তায় কাজ করছেন।

বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। তাদের বয়স এক থেকে ৭৪ বছরের মধ্যে বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। অন্য যাত্রীরা কয়েক ঘণ্টা বাসটির ভেতরে আটকে ছিলেন।

নিউইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার আন্দ্রে রে মেজর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ও চালকের অক্ষমতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে না। তদন্ত চলছে এবং বাস চালক এতে সহযোগিতা করছেন। এ মুহূর্তে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

সূত্র : বিবিসি