ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

শুক্রবার জাতিসঙ্ঘের সদর দফতরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেন পেত্রো। এ সময় তিনি বলেন, ‘আমি মার্কিন সেনাবাহিনীকে অনুরোধ করছি, মানুষের দিকে অস্ত্র তাক করবেন না।’

নয়া দিগন্ত অনলাইন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো |সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিউইয়র্কে মার্কিন সৈন্যদের আদেশ অমান্য করতে এবং সহিংসতা উস্কে দেয়ার আহ্বান জানানোর অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হবে।

পররাষ্ট্র দফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ‘পেত্রোর বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।’

শুক্রবার জাতিসঙ্ঘের সদর দফতরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেন পেত্রো। এ সময় তিনি বলেন, ‘আমি মার্কিন সেনাবাহিনীকে অনুরোধ করছি, মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। (প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন।’

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। এ বিষয়ে তার কার্যালয় ও কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এর আগে, মঙ্গলবার জাতিসঙ্ঘে দেয়া ভাষণে পেত্রো ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট গাজায় ‘গণহত্যার সাথে জড়িত’। এছাড়াও ক্যারিবিয়ান জলসীমায় সন্দেহভাজন মাদক-চালিত নৌকাগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ‘ফৌজদারি মামলা’ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার পেট্রোর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে দেখা গেছে, তিনি নিউইয়র্কে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের এক সমাবেশে নিজের বক্তব্য রাখার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ পুনরায় পোস্ট করেছেন।

তিনি এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন। যদি গাজার পতন হয়, তাহলে মানবতারও মৃত্যু হবে।’

গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের কট্টর বিরোধী কলম্বিয়ার এই নেতা ইসরাইলের কাছে কয়লা রফতানিও স্থগিত করেছেন।

সূত্র : রয়টার্স