যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ফুটবল ম্যাচের পর এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শহরের মেয়র জন লি জানিয়েছেন, মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে ১২০ মাইল (১৯০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত ছোট শহর লেল্যান্ডের প্রধান রাস্তায় শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে।
তিনি আরো জানান, আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি, তবে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার লেল্যান্ড অন্যান্য দিনের চেয়ে বেশি ব্যস্ত ছিল। কারণ এদিন সেখানকার স্থানীয় হাইস্কুলের ‘হোমকামিং’ উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। হোমকামিং যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক উৎসব, যা শরতকালে অনুষ্ঠিত হয়। স্কুলের উদ্দীপনা ও কমিউনিটির আনন্দ উদ্যাপন করতে এই উৎসব ঘিরে স্কুলের সাবেক শিক্ষার্থী একত্র হন।
তবে গুলি চালানোর ঘটনাটি লেল্যান্ড হাই স্কুল ক্যাম্পাসে ঘটেনি বলে জানান মেয়র। পুলিশ এখনো ঘটনার তদন্ত করছে। মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশনও তদন্তে সহায়তা করছে।
এদিকে মিসিসিপি অঙ্গরাজ্যের হাইডেলবার্গ শহরের হোমকামিং ছুটিতে আরো একটি হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন প্রাণ হারিয়েছেন বলে জানান হাইডেলবার্গের পুলিশপ্রধান কর্নেল হোয়াইট। প্রাথমিকভাবে লেল্যান্ড ও হাইডেলবার্গের ঘটনায় যোগসূত্র থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি



