বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

ক্যাপিটাল হিল হামলা নিয়ে এডিটেড ভিডিও প্রকাশের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করে ট্রাম্প ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন- এমন একটি এডিটেড ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে।

মামলার দু’টি অভিযোগের প্রতিটির জন্য তিনি পাঁচ বিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

ট্রাম্পের অভিযোগ, বিবিসি তার ২০২১ সালের ৬ জানুয়ারির একটি বক্তৃতার কিছু অংশ ভুলভাবে উপস্থাপন করেছে। বক্তব্যের একটি অংশে তিনি তার সমর্থকদের ক্যাপিটলে মিছিল করতে বলেছিলেন এবং অন্য অংশে ‘প্রচণ্ডভাবে লড়াই‘ করতে বলেছিলেন।

ট্রাম্পের দাবি, তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এ অংশটি প্রতিবেদন থেকে বাদ দেয়া হয়েছে।

বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল। তারা ভুল স্বীকার করে বলেছিল, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি।

তবে, এ বিষয়ে মামলা করার কোনো আইনি ভিত্তি নেই বলে জানায় বিবিসি।

বিবিসি সব টিভি দর্শকদের জন্য একটি বাধ্যতামূলক লাইসেন্স ফি-এর মাধ্যমে অর্থায়ন করে, যা যুক্তরাজ্যের আইনজীবীদের মতে ট্রাম্পকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রতিবেদনটি ২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে প্রকাশ করেছিল বিবিসি। এটি তাদের ‘প্যানারোমা’ ডকুমেন্টারিতে প্রকাশ করা হয়েছিল। এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ দুই কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

ট্রাম্পের আইনজীবী বলেন, এই প্রতিবেদনের কারণে ট্রাম্পের মানহানি ও আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে, ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এই হামলায় উস্কানি দেয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, কিন্তু তিনি এটি প্রত্যাখ্যান করেন। এসময় বিবিসি ওই ভিডিও প্রতিবেদন করে।

সূত্র : সিএনএন