মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায় বন্দুকধারীদের গুলিতে নাবালকসহ সাতজন নিহত হয়েছেন। ক্যাথলিক চার্চ মাদক চোরাকারবারীদের মধ্যে সহিংসতার এ ঘটনাকে নিন্দা জানিয়েছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাসস।
স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে গুয়ানাজুয়াতো রাজ্যের সান ফেলিপ শহরের একটি প্লাজায় বন্দুকধারীরা এ হামলা চালায়। গুলিবর্ষণের খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ সাতজনের লাশ ও একটি ক্ষতিগ্রস্ত ভ্যান উদ্ধার করে।
বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা দুটি ব্যানারও খুঁজে পেয়েছেন যেখানে সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের দিকে ইঙ্গিত করা বার্তা রয়েছে। চক্রটি এ অঞ্চলে কাজ করে।
গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের আবাসস্থল। তবে সরকারি পরিসংখ্যান অনুসারে, এটি মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ রাজ্যও।
এ সহিংস অপরাধের সাথে সান্তা রোজা ডি লিমা গ্যাং এবং ল্যাটিন আমেরিকার দেশটির অন্যতম শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে।
সোমবার ক্যাথলিক চার্চের মেক্সিকান নেতারা এ গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সামাজিক কাঠামোর দুর্বলতা, দায়মুক্তি এবং দেশের বিশাল অঞ্চলে শান্তির অনুপস্থিতির একটি উদ্বেগজনক লক্ষণ’ বলে অভিহিত করেছেন।
গত ২০০৬ সালে সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান শুরু করে। তখন থেকে মেক্সিকোতে প্রায় চার লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।



