ভারত-পাকিস্তান সংঘর্ষে ৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটেছে।

শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সাথে এক নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেছেন। তবে তিনি কোন পক্ষের বিমানের কথা উল্লেখ করছেন তা স্পষ্ট করেননি।

ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করেই ট্রাম্প বলেন, ‘বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’

এদিকে পাকিস্তান দাবি করছে, তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

অপরদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষের দিকে বলেছিলেন, যুদ্ধবিরতির প্রথম দিনে আকাশে ক্ষতির সম্মুখীন হওয়ার পর ভারত কৌশল পরিবর্তন করে। তিন দিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিল।

ভারত আরো দাবি করেছে, তারা পাকিস্তানের ‘কয়েকটি বিমান’ ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ বিমানঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

ওয়াশিংটন ১০ মে উভয়পক্ষের সাথে আলোচনা করে। পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব দাবি করেন। কিন্তু ট্রাম্পের এই দাবির সাথে ভারত দ্বিমত পোষণ করে বলে, যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপ ও বাণিজ্য আলোচনা ভেঙে দেয়ার হুমকির ফলে হয়নি।

সূত্র : রয়টার্স