মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে দেখা করার কোনো ইচ্ছা তার নেই। তবে চুক্তি চূড়ান্ত করার জন্য প্রয়োজন হলে সরাসরি আলোচনা বা বৈঠক হতে পারে বলে জানান তিনি।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওয়াশিংটন দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি সতর্ক করে বলেন, কোনো হামলায় যদি মার্কিন সেনাদের মৃত্যু হয়, তাহলে সেটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু করার যথেষ্ট কারণ হয়ে উঠবে।
সম্ভাব্য কোনো চুক্তির বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে এবং সময়মতো জনগণ এর বিষয়বস্তু জানতে পারবে।
তিনি আরো বলেন, যেকোনো চুক্তির অধীনে হরমুজ প্রণালী অবিলম্বে পুনরায় খুলে দেয়া হবে।
ট্রাম্প জোর দিয়ে বলেন, কূটনৈতিক বা সামরিক—যেভাবেই হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।
সূত্র: জিও নিউজ



