মাদক চক্র নির্মূলে পূর্ণ শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনী গুলি চালানোর পর মার্কো রুবিও এ কথা বলেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, মাদক চক্রগুলোকে ‘নির্মূল’ করার জন্য যুক্তরাষ্ট্র ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবে। ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনী গুলি চালানোর পর তিনি এ কথা বলেছেন।

মিয়ামি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মেক্সিকো সফরের উদ্দেশ্যে মিয়ামি ত্যাগ করার সময় রুবিও সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের পূর্ণ ক্ষমতা ও শক্তি ব্যবহার করে এই মাদক চক্রগুলোকে মোকাবেলা করবে এবং এগুলোকে নির্মূল করবেন, তারা যেখান থেকেই কাজ করুক না কেন।’

তিনি বলেন, ‘অবাধে কাজ করে পার পেয়ে যাওয়া, ইঞ্জিনে গুলি করে থামিয়ে দেয়া অথবা নৌকা থেকে দুই-একটি মাদক ছিনিয়ে নেয়ার দিনগুলো শেষ।’

ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন তীব্র সমালোচক রুবিও তার শাসনের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া থেকে বিরত থাকেন। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে আক্রমণ করবে কি-না জানতে চাইলে রুবিও বলেন, ‘এটি একটি মাদকবিরোধী অভিযান।’

সূত্র : বাসস