মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩

মেক্সিকো সিটির পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলার একটি সেতুর ওপর গ্যাস ট্যাংকার গাড়িটি বিস্ফোরিত হয়।

নয়া দিগন্ত অনলাইন

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) একটি গ্যাস সরবরাহকারী গাড়ি বিস্ফোরণে তিনজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেছেন, শহরের পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলার একটি সেতুর ওপর গ্যাস ট্যাংকার গাড়িটি বিস্ফোরিত হয়।

তিনি আরো জানান, এ সময় তিনজন নিহত ও ৬৭ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

ট্যাংকার বিস্ফোরণের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। পরে তা টেলিভিশনে সম্প্রচার হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : বাসস