নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই।
এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনগত সুযোগ নিউইয়র্ক সিটির রয়েছে কি-না, তা আমার প্রশাসন প্রযোজ্য আইনের আওতায় সব দিক থেকে পর্যালোচনা করেছে।’
তিনি আরো বলেন, ‘এটি স্পষ্ট যে এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা আমাদের নেই। তবে, ফেডারেল সরকারের সেই ক্ষমতা রয়েছে। তাই আমি তাদের আইসিসির সাথে সহযোগিতা করে এই পরোয়ানা কার্যকর করার আহ্বান জানাচ্ছি।’
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সীমান্তে হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সাথে সংশ্লিষ্ট কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না।
ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘যার চোখ আছে, হৃদয় আছে এবং বিবেক আছে, তিনি নেতানিয়াহুর কর্মকাণ্ডে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখতে পাবেন এবং বুঝবেন যে, তার বিচার আদালতেই হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘আমি আইসিসির সাথে একমত যে বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া উচিত। আইসিসির অভিযুক্ত অন্য যে কারো ক্ষেত্রেও আমি একই অবস্থান সমর্থন করি।’
তবে, নেতানিয়াহুর কার্যালয় মামদানির এ অবস্থান প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, আইসিসি একটি ‘প্রহসনের আদালত’।
সূত্র: বাসস



