ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন পুতিন : মার্কিন দূত

উইটকফ বলেন, ‘ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো অনুচ্ছেদ ৫–এর মতো ভাষা কার্যকরভাবে ব্যবহার করতে পারার বিষয়ে আমরা একমত হয়েছি।’

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, রাশিয়া সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ‘শক্তিশালী’ নিরাপত্তার নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে। রোববার (১৮ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি এ তথ্য জানিয়েছেন।

উইটকফ বলেন, ‘ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো অনুচ্ছেদ ৫–এর মতো ভাষা কার্যকরভাবে ব্যবহার করতে পারার বিষয়ে আমরা একমত হয়েছি।’ অনুচ্ছেদ–৫ বলতে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদের কথা বুঝিয়েছেন।

ওই অনুচ্ছেদে বলা হয়েছে, জোটের কোনো সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে আসবে। অনেক আগে থেকেই ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার।

উইটকফ আরো বলেন, ইউক্রেনের ভূখণ্ড নিয়ে রাশিয়া কিছু ছাড় উল্লেখ করেছে। সোমবারের আলোচনায় দোনেৎস্ক একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।

এর আগে, শুক্রবার আলাস্কায় পুতিন ট্রাম্পকে একটি শান্তি প্রস্তাব দেন। ওই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে দনবাসের দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে। এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝিয়া ও খেরসনে যুদ্ধ স্থগিত রাখবে।

এদিকে আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। বৈঠকে অংশ নেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লেয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুট। তাদের আহ্বান, যুদ্ধ বন্ধের কোনো চুক্তির ক্ষেত্রে যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়।

ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন। ওয়াশিংটন সফরের আগে তিনি বলেন, ‘যেকোনো নিশ্চয়তাই বাস্তবসম্মত হতে হবে, যা স্থলে, আকাশে এবং সমুদ্রে সুরক্ষা প্রদান করবে। ইউরোপের অংশগ্রহণে তা নিশ্চিত করতে হবে।’

সূত্র : বিবিসি