বড়দিনে ৬০ বন্দীকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার

স্থানীয় এনজিও ফোরো পেনালের সাম্প্রতিক হিসাব অনুসারে জানা গেছে, ভেনিজুয়েলায় কমপক্ষে ৯০২ জন রাজনৈতিক বন্দী রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ভেনিজুয়েলার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কমপক্ষে ৬০ জন বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের সময় এদের আটক করা হয়। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

গত ২০২৪ সালের জুলাই মাসে জালিয়াতির অভিযোগ সত্ত্বেও মাদুরো তৃতীয় মেয়াদে জয়লাভ করলে নির্বাচন-পরবর্তী বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভে প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনকে মুক্তি দেয়া হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় এনজিও ফোরো পেনালের সাম্প্রতিক হিসাব অনুসারে জানা গেছে, ভেনিজুয়েলায় কমপক্ষে ৯০২ জন রাজনৈতিক বন্দী রয়েছে।

রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য কাজ করা মানবাধিকার কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত ‘কমিটি ফর দ্য ফ্রিডম অফ পলিটিকাল প্রিজনার্স’ জানিয়েছে, এই মুক্তি কার্যক্রম ক্রিসমাস দিবসে শুরু হয়।

কমিটির প্রধান আন্দ্রেয়ানা বাদুয়েল এএফপিকে বলেন, ‘আমরা ৬০ জনেরও বেশি ভেনিজুয়েলানের মুক্তি উদযাপন করছি, যাদের নির্বিচারে আটক করা উচিত হয়নি। যদিও তারা সম্পূর্ণভাবে স্বাধীন নয়, আমরা তাদের পূর্ণ মুক্তি ও সব রাজনৈতিক বন্দীর মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।’

পরিবারের বর্ণনা অনুযায়ী, আটক ব্যক্তিদের রাজধানী কারাকাস থেকে প্রায় ১৩৪ কিলোমিটার (৮৩ মাইল) দূরে অবস্থিত এরাগুয়া রাজ্যের টোকোরন সর্বোচ্চ নিরাপত্তার জেলায় রাখা হয়েছিল।

সূত্র : বাসস