নিউইয়র্ক-নিউজার্সিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

বৃষ্টির কারণে নিউজার্সির কিছু ট্রেন ও বাস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

নয়া দিগন্ত অনলাইন
নিউইয়র্ক-নিউজার্সিতে আকস্মিক বন্যা
নিউইয়র্ক-নিউজার্সিতে আকস্মিক বন্যা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) দিনের শুরুতে বৃষ্টির তীব্রতায় প্লাবিত হয়ে পড়ে এসব অঞ্চলের নিম্নাঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বন্যার ফলে শহর দুটির বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং সাবওয়ের কিছু লাইন বন্ধ হয়ে যায়। কিছু সাবওয়ে স্টেশনে পানি এতটাই জমে যায় যে তা ট্রেনের ভেতর প্রবেশ করে। যাত্রীদের ট্রেনের আসনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যাতে তারা পানিতে ভিজে না যান।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টির কারণে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় পাঁচ ঘণ্টার মধ্যে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়, কিছু এলাকায় ঘরে ৫ ফুটের বেশি পানি উঠে গেছে। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃষ্টির কারণে নিউজার্সির কিছু ট্রেন ও বাস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে কয়েকটি গাড়ি আটকে পড়লে উদ্ধারকারীরা তৎপরতা শুরু করে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে এবং পানি নামতে শুরু করে, যদিও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে।

সূত্র: এপি