ইরানের বিরুদ্ধে ‘বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের’ ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ করার আলোচনায় অচলাবস্থার মধ্যেই তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ করার আলোচনায় অচলাবস্থার মধ্যেই তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করার সুযোগ ‘গ্রহণ করতে ব্যর্থ হয়েছে’। ‘অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখোমুখি হবে ইরান।

একইসাথে ইরানের সাথে বাণিজ্য করে এমন যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যেকোনো দেশ যদি তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে কোনো ধরনের সহায়তা দেয়ার সুযোগ করে দেয়, তবে সেই দেশকেই ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। তেল চোরাচালান, সোয়াপ লাইন, নগদ অর্থ স্থানান্তর, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন, ভুয়া কোম্পানি—এই সবকিছু এখনই বন্ধ করতে হবে। আপনারা জানেন আপনারা কারা। এটি হবে একটি অর্থনৈতিক ডি-ডে এবং ইরানকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে আমাদের সব মিত্রকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে।’

এটি প্রথমবার নয় যে ট্রাম্প ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে দেশটির বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর, তার প্রশাসন ‘অপারেশন ইকোনমিক ফিউরি’-এর ব্যানারে ইরানের বিরুদ্ধে একটি অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান চালিয়েছে।

তেহরানের জ্বালানি রফতানি থেকে আয় বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের তেল, জাহাজ চলাচল এবং আর্থিক খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এছাড়াও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিদেশে ইরানকে তেল বিক্রিতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত কোম্পানি, মধ্যস্থতাকারী ও ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: আল জাজিরা