মেক্সিকোর হাসপাতালে চিকিৎসকদের মধ্যে সালমোনেলা সংক্রমণের প্রাদুর্ভাব

দূষিত খাবার খেয়ে মেক্সিকোর হাসপাতালে ১৩০ জনের বেশি চিকিৎসক সালমোনেলায় আক্রান্ত; কর্তৃপক্ষের আশ্বাসের পরও চিকিৎসকদের বিক্ষোভ ও তদন্তের দাবি।

নয়া দিগন্ত অনলাইন
সংক্রমণে ১৩৫ জন আবাসিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন
সংক্রমণে ১৩৫ জন আবাসিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন |সংগৃহীত

মেক্সিকো সিটির একটি হাসপাতালের ক্যাফেটেরিয়ায় সালমোনেলা ব্যাকটেরিয়ায় দূষিত খাবার খেয়ে গত মাসে ১৩০ জনের বেশি চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার কর্তৃপক্ষ ও আক্রান্ত চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এদুয়ার্দো লাইসাগা হাসপাতালের বাইরে অনেক চিকিৎসক বিক্ষোভ করেছেন। ওই হাসপাতালেই সালমোনেলা সংক্রমণের ঘটনা ঘটে।

আক্রান্তদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ধারণা করছি, ৩১ আগস্ট সকালের নাশতা, সম্ভবত ডিম থেকেই এটি হয়েছে। ওই রাতেই আমাদের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ি।’

তিনি অভিযোগ করেন, ‘খাবার নষ্ট ছিল, তাতে পোকা ও ছত্রাক ছিল। এছাড়া আমাদের প্রায়ই পানির সঙ্কটে থাকতে হয়।’

মেক্সিকোর সরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের আওতাভুক্ত হাসপাতালটি জানিয়েছে, আগস্টের শেষ দিনে হঠাৎ করে অনেকের মধ্যে পেটে ব্যথা, ডায়রিয়া ও বমির মতো পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়ার পর সংক্রমণের বিষয়টি শনাক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড কারশেনোবিচ বলেন, সংক্রমণে ১৩৫ জন আবাসিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি বলেন, ‘সবাই এখন ভালো আছেন।’

তবে বিক্ষোভে অংশ নেয়া চিকিৎসকেরা এবং বিভিন্ন বিবৃতিতে জানানো হয়েছে, ২২৭ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালটিতে আবাসিক চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আলাদা ক্যাফেটেরিয়া রয়েছে। ফলে সংক্রমণটি তুলনামূলকভাবে সীমিত পরিসরে ছড়িয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কারশেনোবিচ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। একইসাথে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর খাবার সরবরাহ ও পরিবেশনের ব্যবস্থাও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : বাসস