মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি বড় মাদকবিরোধী অভিযান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চারজন মাদকবিরোধী কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মীও রয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছে।
প্রসিকিউটর সিজার জাওরেগুই সাংবাদিকদের বলেন, তিন মাসব্যাপী তদন্তের পর গত শুক্র ও শনিবার উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের মোরেলোসে ছয়টি গোপন সিন্থেটিক ড্রাগ ল্যাবে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, নিহতদের বহনকারী গাড়িটি পাঁচটি গাড়ির একটি সরকারি বহরের নেতৃত্ব দিচ্ছিল। দুর্ঘটনার সময় সেটি রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়।
জাওরেগুই বলেন, নিহত দুই মার্কিন নাগরিক ‘প্রশিক্ষক কর্মকর্তা’ হিসেবে কর্মরত ছিলেন। তারা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ মাদকবিরোধী সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং দুর্ঘটনায় নিহত মেক্সিকানদের পরিচয় দিয়েছেন। এরা ছিলেন চিহুয়াহুয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থার পরিচালক ও সেই সংস্থারই একজন কর্মকর্তা।
জনসন বলেন, ‘আমাদের সময়ের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের নিষ্ঠা ও অক্লান্ত প্রচেষ্টাকে আমরা সম্মান জানাই।’
তিনি আরো বলেন, এই মর্মান্তিক ঘটনা মনে করিয়ে দেয় আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে কাজ করা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কত বড় ঝুঁকির মুখে থাকেন।
জনসন বলেন, এটি তাদের এই মিশন চালিয়ে যাওয়ার জন্য আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করেছে।
সূত্র: বাসস



