লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা কিছুদূর যাওয়ার পর ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাগরের স্রোতে ভেসে নিখোঁজ হন।

নয়া দিগন্ত অনলাইন

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা কিছুদূর যাওয়ার পর ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাগরের স্রোতে ভেসে নিখোঁজ হন।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, নৌকাটির ১০ জন যাত্রী সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে এটি আরেকটি বড় নৌকাডুবির ঘটনা। এর আগে গত মাসেও লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ৫১ জন নিখোঁজ হন।

গত এক দশকে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে লিবিয়ার উপকূল অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এই পথে প্রায়ই নৌকাডুবির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-র বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক; ইউরোপে পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট