৪৩ বছর ক্ষমতায় থেকেও আবারো প্রেসিডেন্ট হতে চান ৯২ বছর বয়সী বিয়া

১৯৮২ সালে ক্ষমতায় আসা বিয়া চার দশকের বেশি সময় ধরে দেশটি শাসন করছেন। এবার নির্বাচিত হলে তিনি প্রায় ১০০ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।

নয়া দিগন্ত অনলাইন
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া |সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া দেশটিতে ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অষ্টম মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই রাষ্ট্রপ্রধান রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফরাসি ও ইংরেজি উভয় ভাষায় পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন।

বার্তায় তিনি লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছি। নিশ্চিত থাকুন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমি আপনাদের সেবা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

১৯৮২ সালে ক্ষমতায় আসা বিয়া চার দশকের বেশি সময় ধরে দেশটি শাসন করছেন। এবার নির্বাচিত হলে তিনি প্রায় ১০০ বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। তার স্বাস্থ্য নিয়ে প্রায়ই জল্পনা-কল্পনা চলে। গত বছরেই তিনি ৪২ দিনের জন্য জনসমক্ষে থেকে অদৃশ্য হয়ে যান। রোববারের ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা নিশ্চিত হয়নি।

২০১৮ সালে প্রথমবারের মতো তিনি সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীতা ঘোষণা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছিলেন। ক্ষমতাসীন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের (সিপিডিএম) সদস্যরা এবং অন্যান্য সমর্থকরা গত বছর থেকে তাকে আরো এক মেয়াদে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছিল।

কিন্তু বিরোধী দল ও কিছু নাগরিক সমাজের গোষ্ঠী বলছে, তার দীর্ঘ শাসন ক্যামেরুনের অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দুই সাবেক মিত্র ক্ষমতাসীন জোট ছেড়ে বেরিয়ে এসেছেন এবং আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

মানবাধিকারকর্মী ও আইনজীবী এনকোঙ্গো ফেলিক্স আগবর বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘প্রেসিডেন্ট বিয়ার আবারো প্রার্থী হওয়ার ঘোষণা ক্যামেরুনের স্থবির রাজনৈতিক স্থবিরতার স্পষ্ট ইঙ্গিত। ৪০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর দেশটির প্রয়োজন নতুন নেতৃত্ব। ক্যামেরুনবাসী গণতান্ত্রিক পরিবর্তন এবং জবাবদিহিমূলক নেতৃত্ব চায়।’

সূত্র : আল জাজিরা