পশ্চিম কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরো ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে উল্টে পড়ে। এলাকাটি প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত। বাসটি নিয়াহেরায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান থেকে প্রায় ৬২ কিমি দূরে নিয়াকাচে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক মেয়েসহ ২১ জন নিহত হন। আহত হন আরো ২০ জন যাত্রী। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। কর্মকর্তারা জানিয়েছেন, পরে হাসপাতালে নেয়ার পর আরো চারজন মারা যান।
বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের। কিন্তু বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল।
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে চালকদের আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় যেকোনো অবহেলার জন্য দায়ীদের দ্রুত গ্রেফতার করার এবং সারা দেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সব ট্র্যাফিক লঙ্ঘনের সমাধান করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।
২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে চার হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারেরও বেশি আহত হয়েছে।



