গায়ানার উপকূলে ১১৬ আরোহী নিয়ে ফেরি ডুবি

স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১ মিনিটে বিপদসংকেত পাওয়া যায়। এরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
এমভি বারিমার যাত্রীরা দুর্ঘটনার শিকার
এমভি বারিমার যাত্রীরা দুর্ঘটনার শিকার |সংগৃহীত

গায়ানার উপকূলে ১১৬ জন আরোহী নিয়ে রাতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির মন্ত্রী হুয়ান এডঘিল রোববার এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এডঘিল বলেন, ‘আজ বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে এমভি বারিমা ১১৬ জন যাত্রী ও নৌযানের কর্মীদের নিয়ে পোর্ট কাইতুমার উদ্দেশে যাত্রা শুরু করে।’

তিনি বলেন, স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১ মিনিটে বিপদসংকেত পাওয়া যায়। এরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়।

গায়ানার জর্জটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এডঘিল আরো বলেন, ‘এ পর্যন্ত আমরা আটজনকে জীবিত উদ্ধার করেছি।’

তিনি জানান, গায়ানার কোস্টগার্ড ও বেসরকারি নৌযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসা দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তিনি বলেন, ‘সক্রিয়ভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আমরা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

এসিকুইবো অঞ্চলের একটি শহরপোর্ট কাইতুম। এই অঞ্চলটি গায়ানা ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধের বিষয়।

সূত্র : এএফপি/বাসস