নাইজারে বাস দুর্ঘটনায় নিহত ২২, বেশিভাগই সেনাসদস্য

নাইজারের দক্ষিণাঞ্চলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ সেনাসদস্যসহ অন্তত ২২ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে
নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে |সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জনই সেনাসদস্য বলে জানা গেছে।

শনিবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

এতে আরো ৩৭ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এএনপি জানায়, দুর্ঘটনা-কবলিত বাসগুলোর একটি সেনাসদস্যদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

সাহারা অঞ্চলের বিস্তীর্ণ এই দেশটির সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে কর্তৃপক্ষের চলমান প্রচারের মধ্যেই সর্বশেষ এই দুর্ঘটনা ঘটল।

সূত্র : বাসস