ঘানায় বন্যায় দেশব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩ জুলাই) কর্মকর্তারা সতর্ক করেছেন যে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়তে পারে।
ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ন্যাডমো) পরিদর্শক বিভাগের পরিচালক রিচার্ড আমো ইয়ার্তে জানান, রাজধানী আক্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এখনো নিখোঁজদের খবর যাচাই করছে। লাশ উদ্ধার হলে মোট মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ন্যাডমোর মতে, এই বন্যা সাতটি অঞ্চলে আঘাত হেনেছে। এতে মোট ৮৯ হাজার ৭৩৬ জন বাস্তুচ্যুত হয়েছেন।
গ্রেটার আক্রায় সর্বাধিক ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছেন। এরপরেই রয়েছে সেন্ট্রাল রিজিয়ন, যেখানে ২১ হাজার ৮৮২ জন বাস্তুচ্যুত হন। ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলে আরো হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, ইস্টার্ন রিজিয়নে বাস্তুচ্যুতির সংখ্যা ছিল সর্বনিম্ন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



