আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জরুরি সেবা কর্মীদের সাথে কথা বলেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিব। সেখানে বাসটিকে একটি খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
এর আগে, গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এছাড়া, একই বছরের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে বাস উল্টে ১৪ জন প্রাণ হারান।
আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য মতে, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৮৩৮ জন মারা যান এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হন।
সূত্র : রয়টার্স



