কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ নিহত ৭

কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান এবং পাঁচ আমেরিকান নিহত হয়েছেন। হেলিকপ্টারটি লোইসাবা থেকে ইওয়াসোনিয়েরো যাওয়ার পথে মাউন্ট ওলোলোকওয়েতে বিধ্বস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে কেনিয়া রেড ক্রসের সদস্য
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে কেনিয়া রেড ক্রসের সদস্য |সংগৃহীত

কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান এবং পাঁচ আমেরিকান নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির উত্তরাঞ্চলের সাম্বুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়েতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা কেন্দ্রের মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি এবং তার স্ত্রী স্টেফানি হলিহানের মৃত্যুর পর ইকুয়েডরের প্রেসিডেন্সি বলেছে, সরকার তাদের পরিবার, প্রিয়জন ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এনবিসি নিউজকে নিশ্চিত করেছে যে, এই দুর্ঘটনায় বিশিষ্ট টেলিভিশন নির্বাহী হোসে সুয়ারেজসহ পাঁচ আমেরিকান নিহত হয়েছেন। অন্য আমেরিকান যাত্রীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি (কেসিএএ) দুর্ঘটনাটি নিশ্চিত করেছে, কিন্তু হতাহতের সংখ্যা জানায়নি।

সংস্থাটি জানিয়েছে, হেলিকপ্টারটি লোইসাবা থেকে ইওয়াসোনিয়েরো যাওয়ার পথে মাউন্ট ওলোলোকওয়েতে বিধ্বস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি