নাইজেরিয়ায় ফজরের সময় মসজিদে তাণ্ডব, ২৭ মুসল্লি নিহত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

নয়া দিগন্ত অনলাইন
নাইজেরিয়ার সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারা
নাইজেরিয়ার সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারা |সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

গত জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টির মতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়।

সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী সংঘাত আরো মারাত্মক হয়ে ওঠে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, আরো বেশি পশুপালক অস্ত্র তুলে নিচ্ছে। ফলে পরিস্থিতি দিন দিন খারাপ হতে পারে।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।