দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মেট্রোপলিটন এলাকায় তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় নারীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দক্ষিণ আফ্রিকার পুলিশ এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, খায়েলিৎশা, লাঙ্গা ও গুগুলেথু এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, খায়েলিৎশায় এক হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এদিকে, লাঙ্গা এলাকায় আরেকটি গোলাগুলির ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হন।
পুলিশের তথ্যমতে, গুগুলেথুর বার্সেলোনা বস্তিতে এক হামলায় এক নারীসহ তিনজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন।
এসএপিএস জানিয়েছে, ঘটনাস্থল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



