নাইজেরিয়ায় লাগোসে একটি তিনতলা আবাসিক ভবনধসে শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ জুন) রাজ্যের তথ্য কমিশনার জানান, আহত আরো ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার এ ভবনধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
নাইজেরিয়ার এ অঞ্চলে ভবনধসের ঘটনা একটি সাধারণ ঘটনা, যেখানে দ্রুত নগরায়ন এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার বাসিন্দাদের জন্য বিপদ ডেকে এনেছে।
এই সাম্প্রতিক ধসের ঘটনায় তাৎক্ষণিকভাবে একাধিক সংস্থার সমন্বয়ে জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি এবং লাগোস স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে কাজ করেছে।
শুক্রবার সকালে লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি বলেছে, উদ্ধার অভিযান শেষ হয়েছে। নয়টি লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।
সূত্র: আল জাজিরা



