লিবিয়ায় ১০ নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

পূর্ব লিবিয়াভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির অধীনস্থ কোস্ট গার্ড জানায়, অভিবাসীরা সমুদ্রে কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ১০টি নৌকা থেকে অন্তত ৪০৪ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। স্থানীয় রেড ক্রিসেন্ট বুধবার এ তথ্য জানিয়েছে।

পূর্ব লিবিয়াভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির অধীনস্থ কোস্ট গার্ড জানায়, অভিবাসীরা সমুদ্রে কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়।

তোব্রুক শহরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিক। সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও কম্বল দিচ্ছেন।

লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। বিশেষ করে সাহারা-দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন সংঘাত ও দারিদ্র্য থেকে মুক্তির আশায় মরুভূমি ও সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

এর আগে সোমবার তোব্রুক উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১০ জন অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই ঘটনায় আরও ৩১ জন নিখোঁজ রয়েছেন বলে তিনটি লিবীয় সূত্র এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে। শনিবার উপকূলে ভেসে আসা ছয়টি লাশ উদ্ধার করা হয়।

সূত্র : রয়টার্স