কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ১৫০০ ছাড়াল

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে মৃত্যুর হার এখন ৪৪ দশমিক ২ শতাংশ।

নয়া দিগন্ত অনলাইন
ইবোলা ভাইরাস
ইবোলা ভাইরাস |সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

প্রাদুর্ভাব দ্রুত ছড়াচ্ছে, যা দেশের প্রতিরোধ ব্যবস্থাকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হালনাগাদ তথ্যে নতুন আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি দেখা গেছে, যেখানে মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে প্রতি ২০ দিনে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৪০ ছাড়িয়েছে। এই ভাইরাসে মৃত্যুর হার এখন ৪৪ দশমিক ২ শতাংশ।

রাজধানী কিনশাসায় এক চিকিৎসক ডি-জোসেফ কাকিসিঙ্গি সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসের বিস্তার মোকাবেলায় আরো বেশি তৎপরতা এবং প্রতিরোধ কৌশলের প্রয়োজন। সংক্রমণের লক্ষণ দেখা দেয়ার সাথে সাথেই তা প্রতিরোধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।’

ভাইরাসটি পাঁচটি প্রদেশ- ওত উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও তশোপোকে প্রভাবিত করেছে। তশোপো প্রদেশে একটি নতুন অঞ্চল আক্রান্ত হওয়ার পর এই মহামারীটি এখন প্রায় ৫০টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি