চাদে সহিংসতা উস্কে দেয়ার দায়ে সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

সুচেস মাসরা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সফরমারস পার্টির প্রধান এবং চাদের বর্তমান প্রেসিডেন্ট মাহামত দেবির একজন কট্টর সমালোচক।

নয়া দিগন্ত অনলাইন
চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা সুচেস মাসরা
চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা সুচেস মাসরা |সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ চাদে সহিংসতা ছড়িয়ে দেয়ার উদ্দেশে বর্ণবাদী এবং অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক বার্তা প্রচারের দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (৯ আগস্ট) চাদের রাজধানী এন’জামেনার একটি আদালতে রায় ঘোষণার পর বাদীর আইনজীবী কাদজিলেম্বে ফ্রান্সিস সাংবাদিকদের বলেছেন, মাসরা তার সাজার বিরুদ্ধে আপিল করবেন। শুধুমাত্র তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এবং অপমান করার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন ফ্রান্সিস।

সুচেস মাসরা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সফরমারস পার্টির প্রধান এবং চাদের বর্তমান প্রেসিডেন্ট মাহামত দেবির একজন কট্টর সমালোচক।

মে মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমে লোগোন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে মারসাসহ ৬৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল। তাদের অধিকাংশই একই নাগামবায়ে জাতিগত সম্প্রদায়ের। ওই সংঘর্ষে ৩৫ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছিলেন।

তবে মাসরা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্য, বিদেশীদের প্রতি ঘৃণা এবং গণহত্যার প্ররোচনা দেয়া।

শনিবার আদালত ছেড়ে যাওয়ার আগে নিজের সমর্থকদের উদ্দেশে দেয়া বার্তায় মার্সা তাদের ‘মনোবল দৃঢ় রাখতে’ বলেছেন। দিনের শেষে সমর্থকদের ‘বিশেষ বার্তা’ দেয়ার কথা রয়েছে তার।

সূত্র : আল জাজিরা