নাইজেরিয়ায় স্কুলে হামলার ঘটনায় শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ৩৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
স্কুলের শ্রেণিকক্ষ
স্কুলের শ্রেণিকক্ষ |সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ৩৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার বোর্নো অঙ্গরাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় সেনা সদস্য ও শিক্ষকসহ কমপক্ষে তিনজন নিহত হন।

সেনাবাহিনী প্রাথমিকভাবে জানিয়েছিল যে, ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং মাত্র একজন নিখোঁজ রয়েছেন।

বোর্নোর শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে জানিয়েছেন, ২৫ ছাত্রী, ১১ ছাত্র এবং বিদ্যালয়ের এক কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য শিক্ষার্থী অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠী ও ডাকাতচক্রের অন্যতম কৌশলে পরিণত হয়েছে। ২০১৪ সালে বোকো হারাম সদস্যদের হাতে চিবক শহর থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এরপরও দেশটিতে স্কুলভিত্তিক অপহরণের ঘটনা থামেনি।

সূত্র: আল জাজিরা