মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) পশ্চিমাঞ্চলের জাম্বোই এলাকায় ক্যামেরুন সীমান্তের কাছে একটি স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১০৭ জন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এখনো উদ্ধার অভিযান চলছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
ক্যামেরুনের সীমান্তবর্তী শহর গারুয়া-বুলাইয়ের মেয়র আদামু আবদোন বলেছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১০৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
সেড্রিক এমবাঙ্গো নামের এক খনি শ্রমিক বার্তাসংস্থা এএফপিকে জানান, মাটি সম্পূর্ণ ধসে পড়েছে এবং এখনো অনেকে মাটির নিচে আটকা পড়ে আছেন।
ক্যামেরুনের পূর্বাঞ্চলের গভর্নর গ্রেগোয়ার মভোঙ্গো দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের মধ্যে কমপক্ষে তিনজন ক্যামেরুনের নাগরিক রয়েছেন।
আহতদের ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বাবুয়া শহরের হাসপাতালে নেয়া হয়েছে।
ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি



