দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশী নিহত

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশীর মৃত্যু হয়। পরে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

নয়া দিগন্ত অনলাইন

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের, একজন বক্তাবলী ইউনিয়নের এবং অপর একজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশীর মৃত্যু হয়। পরে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী জানান, নিহতরা সবাই পরস্পরের আত্মীয়। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বলেন, এ ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এদিকে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে হাই কমিশনার শাহ আহমেদ শফী কুইন্সটাউনের সমো টাউন এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে তিনি নিহত ও সম্ভাব্য আহত বাংলাদেশীদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং ক্ষতিগ্রস্তদের স্বজনদের সাথে যোগাযোগ করবেন।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি ঘটনার তদন্তের অগ্রগতি, সর্বশেষ পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করবেন।