যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং বিরাজমান সমস্যাগুলো নিরসনে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।’

নয়া দিগন্ত অনলাইন
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান |সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী এরদোগানের কার্যালয় জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সাথে টেলিফোন আলাপে এ কথা বলেন এরদোগান।

কার্যালয় থেকে আরো জানানো হয়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং বিরাজমান সমস্যাগুলো নিরসনে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।’

বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের ‘ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মাসউদ ও এরদোগান।

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সঙ্কট নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার উদ্দেশ্যে বর্তমানে ইস্তাম্বুল সফরে রয়েছেন।

সূত্র : বাসস