ইরানের সাথে উত্তেজনা

কাতারের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

নয়া দিগন্ত অনলাইন
কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র |সংগৃহীত

ইরানের সাথে উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর যে হুমকি দিয়ে তারই পরিপ্রেক্ষিতে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

কাতার সরকারের দেয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্র হামলা চালালে আবারো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

কাতারসহ মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইতোমধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

সূত্র : বিবিসি