৭৬ বছর বয়সী থাইল্যান্ডের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আগামী মাসে আগাম মুক্তি দেয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কারা বিভাগ এক বিবৃতিতে জানায়, আগামী ১১ মে তাকে মুক্তি দেয়া হবে। বয়স ও সাজা ভোগের মেয়াদ এক বছরের কম বাকি থাকায় তাকে আগাম মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রবেশন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরাসহ সব শর্ত মেনে চলতে হবে।
থাকসিন ২০০১ ও ২০০৫ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি স্বেচ্ছায় নির্বাসনে চলে যান। এরপর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তবে কারাগারে নেয়ার পরিবর্তে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে হাসপাতালে একটি ব্যক্তিগত কক্ষে রাখা হয়। পরে রাজকীয় ক্ষমার মাধ্যমে তার সাজা কমিয়ে এক বছর করা হয় এবং বয়স্ক বন্দিদের জন্য আগাম মুক্তি কর্মসূচির আওতায় তাকে মুক্তি দেয়া হয়।
তার দেশে ফেরা এবং হাসপাতালে স্থানান্তরের সময় পেউ থাই নতুন সরকার গঠন করায় পর্দার আড়ালে সমঝোতা ও বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে। গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেয়, থাকসিন গুরুতর অসুস্থ ছিলেন না এবং হাসপাতালে কাটানো সময় সাজা হিসেবে গণ্য করা যাবে না। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
কারা বিভাগ জানিয়েছে, বুধবার আগাম মুক্তির অনুমোদন পাওয়া ৮৫০ জনের বেশি বন্দির মধ্যে থাকসিনও রয়েছেন।
সূত্র : বাসস



