হজযাত্রীদের নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে এআই, ড্রোন ও ক্যামেরা

এ বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ১৪ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম যখন মক্কা ও তার আশপাশে জড়ো হচ্ছেন, তখন তাদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সৌদি আরব এ ধরনের নানা প্রযুক্তিগত উপকরণ কাজে লাগাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনা রোধে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে
দুর্ঘটনা রোধে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে |সংগৃহীত

রাতদিন মানচিত্র, পর্দা ও অসংখ্য তথ্যের স্তূপের সামনে কাজ করে চলেছেন সৌদি কর্মকর্তারা। হজের সময় লাখো মানুষের সমাবেশ সামলাতে তারা ব্যবহার করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

মক্কা থেকে এএফপি জানায়, পবিত্র নগরী মক্কা ও তার আশপাশে স্থাপন করা ১৫ হাজারেরও বেশি ক্যামেরা থেকে আসা বিপুল পরিমাণ ভিডিওচিত্র বিশ্লেষণে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসব ব্যবস্থা এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ভিড়ের অস্বাভাবিক চলাচল শনাক্ত বা পথচারীদের গমনপথে কোনো স্থানের পরিস্থিতি ‘জটিল’ হয়ে উঠছে কিনা তা আগেভাগে নির্ধারণ করা যাবে। অতীতে ভয়াবহ পদদলনের ইতিহাস থাকায় এ প্রযুক্তি জীবনরক্ষায় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ চলাকালে পবিত্র স্থানগুলোর মধ্যে হজযাত্রীদের আনা-নেয়ার কাজে নিয়োজিত ২০ হাজারেরও বেশি বাস পরিচালনায় ব্যবহার করা হচ্ছে সফটওয়্যারভিত্তিক প্রযুক্তি।

এ বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ১৪ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম যখন মক্কা ও তার আশপাশে জড়ো হচ্ছেন, তখন তাদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সৌদি আরব এ ধরনের নানা প্রযুক্তিগত উপকরণ কাজে লাগাচ্ছে।

রয়্যাল কমিশন ফর মক্কার আওতাধীন জেনারেল ট্রান্সপোর্ট সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজির বলেন, ‘আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে এমন বিশেষায়িত ক্যামেরা রয়েছে, যা চলাচল, ভিড়ের স্থানসমূহ বিশ্লেষণ করে এবং আচরণ পূর্বাভাস দিতে পারে।’

পাহাড়ি পথ ঘেঁষে থাকা হজের রুটজুড়ে ছোট সাদা রোবটের মতো দেখতে ক্যামেরাগুলো ভবন, সড়ক ও পথের ভিডিও ধারণ করে- যা মক্কা থেকে মিনা, মুজদালিফা হয়ে আরাফাত পর্যন্ত বিস্তৃত।

নাজির জানান, হজের পথগুলোতে গাড়িচাপার মতো দুর্ঘটনা এড়াতে এবং মরু অঞ্চলের প্রচণ্ড গরমে হাঁটার সময় কমিয়ে আনতে পর্যাপ্ত বাস সরবরাহ নিশ্চিতে এসব ক্যামেরা ও সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাটি পবিত্র স্থানগুলোর দিকে গমনপথে যাত্রার প্রবাহ নির্ধারণে সাহায্য করে, এমনকি জরুরি পরিস্থিতি ঘটার আগেই তা শনাক্ত করতে পারে। একইসাথে কোনো নির্দিষ্ট স্থানে কত মানুষ জমায়েত হয়েছেন, সেটিও নিরূপণ করতে পারে প্রযুক্তিটি।

সৌদি আরবের সড়ক নিরাপত্তা বিশেষ বাহিনী জানিয়েছে, তারা মক্কা ও পবিত্র স্থানগুলোর চারপাশে ‘স্মার্ট থার্মাল ইমেজিং’ পদ্ধতি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করছে।

সূত্র : বাসস