সিডনি বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা দুই বিমান

বিপদ বুঝে উভয় বিমানের চালকই সাথে সাথে কড়া ব্রেক কষে নিজ নিজ বিমানকে থামিয়ে দেন।

নয়া দিগন্ত অনলাইন
সিডনি বিমানবন্দর
সিডনি বিমানবন্দর |সংগৃহীত

সিডনি বিমানবন্দরের রানওয়েতে রোববার (৯ আগস্ট) এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে দুটি যাত্রীবাহী বিমান।

একটি জ্যাটস্টার এ৩২০ এবং একটি কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ মডেলের বিমান হঠাৎ মুখোমুখি চলে আসে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়ান ট্রানস্পোর্ট সেফটি ব্যুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তদন্তকারী সংস্থাটি জানায়, জ্যাটস্টারের বিমানটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য রানওয়েতে ধীরগতিতে এগোচ্ছিল । এমন সময় চালকরা দেখতে পান, একটি ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানটি এ সময়ে একদম খুব কাছে চলে এসেছে। বিপদ বুঝে উভয় বিমানের চালকই সাথে সাথে কড়া ব্রেক কষে নিজ নিজ বিমানকে থামিয়ে দেন।

আকস্মিক এই কড়া ব্রেকের ধাক্কায় জ্যাটস্টারের এক কেবিন ক্রু সদস্য আহত হয়েছেন। এছাড়া কাতার এয়ারওয়েজের বিমানকে টেনে নেয়া গাড়ির সাথের সংযোগটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্যাটস্টার অস্ট্রেলিয়ার প্রধান বিমান সংস্থা কান্টাসের একটি কম খরচের এয়ারলাইন। তারাও ঘটনাটি আলাদাভাবে খতিয়ে দেখছে। জ্যাটস্টারের একজন প্রতিনিধি বলেন, 'আমাদের পাইলটরা বিমান চলাচলনিয়ন্ত্রণ কক্ষের নির্দেশ মতোই চলছিলেন। কিন্তু অন্য বিমানটি খুব কাছে চলে আসায় তারা বাধ্য হয়ে কড়া ব্রেক চাপেন।' কাতার এয়ারওয়েজের সাথে যোগাযোগ করা হলেও তারা সাথে সাথে কোনো মন্তব্য করেনি।

দেশটির আকাশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়া জানিয়েছে, এই ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে তারা বিমানের ডিপারচার স্পেসিং বা উড্ডয়নের মধ্যকার সময়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছে । অর্থাৎ আকাশে বা রানওয়েতে ভিড় না জমে সে জন্য পর পর দুটি বিমান উড্ডয়নের মাঝে বাড়তি সময় রাখা হচ্ছে।

তদন্ত চলায় দুর্ঘটনার কারণ নিয়ে সংস্থাটি কিছু বলতে রাজি হয়নি। তবে এক দিন আগেই কর্মীদের ঘাটতির কারণে এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়াকে একইভাবে উড্ডয়নের সময় বাড়াতে হয়েছিল। ফলে পুরো সিডনি বিমানবন্দরে ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দেয়।