সদ্য প্রকাশিত ‘নাম্বিও সেফটি ইনডেক্স ২০২৫’–এর তথ্য অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক নিরাপত্তা সূচকে ভারতকে পেছনে ফেলেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। অপরাধের হার, নিরাপত্তা পরিকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার ওপর ভিত্তি করে তৈরি এই সূচকে পাকিস্তানের অবস্থান ৬৫তম, যেখানে ভারত রয়েছে ৬৬তম স্থানে। এ তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা।
পিরেনিস পর্বতমালা বরাবর ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত দেশ অ্যান্ডোরা ২০২৫ সালে বিশ্বের সব থেকে নিরাপদ দেশ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ, অ্যান্ডোরায় অপরাধের হার সব থেকে কম। শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে সে দেশে। এছাড়াও তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পশ্চিম এশিয়ার তিন দেশ- সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান। বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে এশিয়ার তাইওয়ানও।
নিরাপত্তা সূচক ৮৪.৭ নিয়ে তালিকার প্রথমেই রয়েছে অ্যান্ডোরা। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, নিরাপত্তা সূচক ৮৪.৫। তৃতীয় স্থানে রয়েছে কাতার, নিরাপত্তা সূচক ৮৪.২। এর পরেই রয়েছে তাইওয়ান ও ওমান, নিরাপত্তা সূচক যথাক্রমে ৮২.৯ ও ৮১.৭। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান রয়েছে দশম এবং চিন ১৫তম স্থানে। এছাড়া, শ্রীলঙ্কা ৫৯, পাকিস্তান ৬৫, ভারত ৬৬ এবং বাংলাদেশ ১২৬তম স্থান পেয়েছে। ৮৭তম স্থানে রয়েছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ৮৯তম স্থানে।
নাম্বিও নিরাপত্তা সূচক সাধারণত ব্যবহারকারীদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে দেয়া তথ্যে ফারাক থাকতে পারে। সাধারণত অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে আপেক্ষিক নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়।
২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি নিরাপদ দেশের তালিকায় রয়েছে অ্যান্ডোরা, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তাইওয়ান, ওমান, আইল অফ ম্যান, হংকং, আর্মেনিয়া, সিঙ্গাপুর ও জাপান।
তালিকার একদম শেষে, ১৪৮তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। অর্থাৎ, দক্ষিণ আমেরিকার এই দেশই ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশের তকমা পেয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান রয়েছে ১৪৪তম স্থানে। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া ১৪০তম স্থানে জায়গা পেয়েছে।
সূত্র : আনন্দবাজার



